দুর্নীতি ধামাচাপা দিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সংঘর্ষে জড়ায় ভিপি নুর: সাদ্দাম

টেন্ডারবাজি, তদবির বাণিজ্যসহ অন্যান্য দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীরা মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বলে দাবি করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

রোববার সকাল ১১ টায় ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই দাবি করেন।

সাদ্দাম হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভিপি নুরের টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, পার্সেন্টেজ আদায় ইত্যাদি অনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড সবার সামনে উন্মোচিত হওয়ার বিষয়টিকে ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ২২ ডিসেম্বরের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের কোন ডাকসু প্রতিনিধির বিন্দুমাত্র সম্পর্ক নেই। এ সংঘর্ষের শুরুতে ভিপি নুর ও তার বহিরাগত সঙ্গী-সাথিদের নিয়ে অন্যত্রে চলে যেতেন তাহলে এই সংঘর্ষের যবনিকাপাত সম্ভব হতো এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি, ভাঙচুর, আহতের ঘটনা ঘটতো না।

তিনি আরও বলেন, সংঘর্ষে লিপ্তদের প্রকৃত নাম, পরিচয় গোপন করার জন্য ডাকসু ভবনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ গায়েব করা হয়। কোটা সংস্কার আন্দোলনের রাতে ঢাবির উপাচার্য ভবনের সিসিটিভি ফুটেজ পরিকল্পিতভাবে যারা গায়ের করেছিল সেই একই পক্ষ সেদিন মূল ফটক বন্ধ করে ডাকসু ভবনে অবস্থান করছিল। এবং তারাই সিসিটিভি ফুটেজ গায়েব করেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে সাদ্দাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বেশ কিছু দাবি তুলে করেন।