নাগরিকত্ব আইনকে সমর্থন করায় বিধায়ককে বহিষ্কার মায়াবতীর

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনকে সমর্থন করায় মধ্যপ্রদেশের এক বিধায়ককে দল থেকে বহিষ্কার করেছেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী।

রবিবার এক টুইট বার্তায় এমন ঘোষণা দিয়েছেন মায়াবতী নিজেই।

মধ্যপ্রদেশের পাথারিয়ার বিধায়ক রামাবাই পরিহারকে দল থেকে বহিষ্কার করেছেন তিনি। রামাবাই দলের কোনও কাজে অংশ নিতেও পারবেন না।

এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, দলের বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছেন তিনি।

রবিবার টুইট করে মায়াবতী জানান, ‘সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করার জন্য বিএসপি বিধায়ক রামাবাই পরিহারকে বহিষ্কার করা হলো। কোনও দলীয় কাজেও তিনি অংশ নিতে পারবেন না।’

তিনি আরও জানান, ‘বিএসপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। সাংসদ বা বিধায়ক যিনি সেই শৃঙ্খলা ভাঙার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’