ঘুষের টাকাসহ হিসাব রক্ষণ অফিসের সুপারিনটেনডেন্ট আটক

শেরপুর জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এসএএস সুপারিনটেনডেন্ট ইউনুস মিয়াকে ঘুষের ৫০হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

রোববার বিকেলে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইউনুস মিয়া নেত্রকোনার দারুনবালি গ্রামের মোশারাফ হোসেনের ছেলে।

অভিযোগকারী শেরপুর সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আব্দুল হানিফ বলেন, প্রকল্পের অধীনে চাকরিসহ আমার বিগত ১১ বছর ১১ মাসের বেতনের প্রায় ১৭ লাখ টাকার একটি চেক পাশ করার জন্য দীর্ঘদিন থেকে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে ঘুরছি। এই অফিসের এসএএস সুপার ইউনুস মিয়া দ্রুত চেক পাশ করিয়ে দেয়ার কথা বলে আমার কাছে ৩০শতাংশ টাকা দাবি করে। এর আগে আমি তাকে ৪০ হাজার টাকাও দিয়েছি।

দুদকের তথ্যমতে, আব্দুল হানিফের চেক পাশ করিয়ে দেওয়ার কথা বলে ২৩ ডিসেম্বর প্রথম দফায় ৪০ হাজার টাকা ও আজ দ্বিতীয় দফায় ৫০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে ইউনুস মিয়াকে আটক করা হয়।

অভিযান শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে এই কর্মকর্তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। চেক পাশ করার কথা বলে তিনি নিয়মিত ঘুষ গ্রহণ করতেন। আটক ইউনুস মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’