ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের তালিকা সোমবার সন্ধ্যার মধ্যে চূড়ান্ত হবে। রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম।
এর আগে রবিবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে। আবদুস সালামের নেতৃত্বে কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নবী উল্লাহ নবী, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। এর আগে আবদুস সালামকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর বাছাই কমিটি করে বিএনপি।
অন্যদিকে সকাল ১০টা থকে ঢাকা মহানগর উত্তর বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এতে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান। তাকে সহযোগিতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি বজলুল বাসিত আঞ্জু, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আহসান। এর আগে শাজাহানকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাউন্সিলর প্রার্থীদের বাছাই কমিটি করে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের বাছাইয়ের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, অ্যাডভোকেট নিপুন রায় ও মহানগর উত্তর-দক্ষিণ মহিলা দলের সভানেত্রী।
তিনি জানান, সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন এবং সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মহিলা সংরক্ষিত আসনের বিএনপি সমর্থিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাশীদের যথাসময়ে গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।