ইভিএম ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। গতকাল রবিবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসি শাহাদাত বলেন, দুই সিটির ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম ছাড়াও ৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত থাকবে। ইভিএমে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতায় কোনো সমস্যা নেই। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে বিতর্ক থাকলে পরীক্ষামূলক ভোটে সার্বিক ব্যবস্থা দেখতে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ইভিএমে প্রতি কেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টের জন্য দুজন করে সেনাসদস্য থাকবে। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে। ইভিএমে ভোটে অস্বচ্ছতার কিছু নেই।