রাজধানীতে নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল ১০টার দিকে মালিবাগের আবুজর গিফারী কলেজের পাশে নির্মাণাধীন একটি ২০ তলা ভবনে দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিফুর রহমান (২৪) নামে ওই নির্মাণশ্রমিকের গ্রামের বাড়ি বগুড়ায়।
দুর্ঘটনার পর আরিফুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ভবনটির সহকারী প্রকৌশলী সুজন মাহমুদ। তিনি দেশ রূপান্তরকে জানান, ভবনটিতে রং মিস্ত্রির কাজ করতেন আরিফুর। সকাল ১০টার দিকে ভবনটির বাইরের দিকে ঝুলন্ত মই বেঁধে রঙের কাজ করছিলেন তিনি। হঠাৎ করেই সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান আরিফুর।