নদী দখলদারদের তালিকা নিয়ে প্রতিমন্ত্রী

আপত্তি থাকলে যাচাই-বাছাই হবে

নদ-নদী দখলদারদের প্রকাশিত তালিকা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে সে বিষয়ে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল রবিবার দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সুপারিশ, পরামর্শ ও তা বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নদী রক্ষা কমিশন সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করে একটি বই করেছে। এর ওপর মন্তব্য করার সুযোগ সবারই আছে। আর এ নিয়ে কারও আপত্তি থাকলে সেটা জানানোর সুযোগও আছে। সেগুলো যাচাই-বাছাই করব। আমরা কাউকে জোরপূর্বক অপরাধের জায়গায় নিতে চাই না। কারও প্রতি অবিচার করা হবে না।’