কর্মদিবসে রাস্তা বন্ধ করে সমাবেশ করলে জনদুর্ভোগ হয় বিধায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমাবেশের কোনো অনুমতি দিইনি। আজ অফিস ডে (কর্মদিবস)। অফিস ডে-তে রাস্তা অবরোধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ করব না।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বরকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে এদিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।
সমাবেশের অনুমতি প্রসঙ্গে রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রক্রিয়া চলছে। আজকের মধ্যেই অনুমতি পেয়ে যাব বলে আশা করছি।’