সুরকার-সংগীত পরিচালক বাসুদেব ঘোষের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী।
বাংলাদেশের সংগীতাঙ্গনে বাসুদেব ঘোষের অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন কে এম খালিদ।
রবিবার রাতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাসুদেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
বাসুদেব ঘোষের সুর-সংগীত শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও, তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও, আমি খুঁজে বেড়াই আমার মা, এই করে কেটে গেল ১২টি বছর এবং দেহ মাদল। এ সুরস্রষ্টা মৃত্যুর আগে এক হাজার দেশাত্মবোধক গান নিয়ে অ্যালবামের কাজ করছিলেন। নাম রাখেন ‘সূর্যালোকে শাণিত প্রাণের গান’।