কুমিল্লায় ইউপি ভোটে গুলি, ককটেল: আহত ৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছে।

সোমবার সকালে ভোট শুরুর সঙ্গে সঙ্গেই সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের কর্মীদের মধ্যে ককটেল নিক্ষেপ ও গুলিবিনিময় হয়।

এ সময় গোলাগুলি, ভাঙচুর, ককটেল নিক্ষেপে উভয় পক্ষের ছয়জন আহত হন।

সংঘর্ষের ঘটনায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময় বন্ধ থাকলেও পরে তা শুরু হয়। 

সোমবার সকালে ওই ইউপির যশপুর ও শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থী মামুনুর রশিদ ও জিয়া উদ্দিনের সমর্থকদের মধ্যে এ  সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আতঙ্কে ভোটাররা ভোট না দিয়ে কেন্দ্র থেকে চলে যান।

যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে চার নম্বর বুথের সব ভোটারদের সকাল ৯টার আগে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।

ঘটনায় আহত মো. আবুল বাশার জানান, সকালে ভোট দিতে যশপুর কেন্দ্রে যাওয়ার পথে মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের সমর্থকরা মামুনুর রশিদের সমর্থকদের বাধা দেয় করে এবং কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় মামুনুর রশিদের সমর্থকদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন। কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মামুনুর রশিদের সমর্থকদের ওপর গুলি চালায় প্রতিপক্ষ। এতে তিনজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরে ভোটগ্রহণ স্বাভাবিক হয়।     

যশপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিজয় কুমার দাস দেশ রূপান্তরকে জানান, ভোটকেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাইরে হলে হতে পারে। ভেতরে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে।

শুভপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হচ্ছে। আমরা যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।

সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।