শাহরুখ নতুন সিনেমার ঘোষণা না দিলে আত্মহত্যার হুমকি ভক্তের

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’। এরপর সিলভার স্ক্রিনে আর দেখা যায়নি তাকে বলিউড বাদশাহকে।

পরিচালক আনন্দ এল রাইয়ের সিনেমাটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

জি নিউজ জানায়, দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছেন এই তারকার ভক্তরা। ইতিমধ্যে টুইটারে ‘উই ওয়ান্ট অ্যানাউন্সমেন্ট এসআরকে’ ট্রেন্ডও চালু করেছেন তারা।

শুধু তাই নয়, শাহরুখ যদি আগামী ১ জানুয়ারির মধ্যে নতুন সিনেমার কথা ঘোষণা না করেন, তাহলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন এসআরকের এক ভক্ত।

আরও এক ভক্ত রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক হয়েছে খান সাহেব। এবার নতুন সিনেমার ঘোষণা করুন।

তবে ভক্তরা যতই দাবি করুন না কেন, এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে।