যৌন হয়রানির মামলায় আসামি মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন এক নারী।

মামলার আসামিরা হলেন জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলম (২৮), ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার অনিক প্রধান (২২), ফতুল্লার হাজীগঞ্জের কানন (২২)।

এ মামলায় কাননকে রোববার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে ওই নারী তার মেয়েকে নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে যান। এ সময় রনি, অনিক, কাননসহ অজ্ঞাত আরো দু-তিনজন তার মেয়েকে দেখে বাজে মন্তব্য করে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তার মেয়ের ওড়না ধরে টানাটানি করে অনিক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ কাননকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি কাননকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে।