সিলেটে কিশোরী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় বাবা নজরুল ইসলামকে (৪৫) ডেকে নিয়ে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে এক বখাটে। গত শনিবার রাতে বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটে আব্দুল মুবিন লিমনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
নজরুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। অভিযুক্ত লিমন একই উপজেলার লাউতা গ্রামের মুহিব আলীর ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে লিমন এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় দেশ রূপান্তরকে জানান, কিশোরীর সঙ্গে লিমনের প্রেমের সম্পর্ক ছিল। এটা জানতে পেরে তাদের সেই সম্পর্ক মেনে নিতে পারেননি ওই কিশোরীর বাবা। একপর্যায়ে তিনি তার মেয়েকে লিমনের সঙ্গে যোগাযোগ করা থেকে বিরত রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নজরুলকে বাড়ির অদূরে মোবাইল ফোনে ডেকে আনে লিমন। পরে কাঠের টুকরা দিয়ে নজরুলের মাথায় আঘাত করে সে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ধারালো অস্ত্র দিয়ে নজরুলের গলা কেটে মৃত্যু নিশ্চিত হলে ঘটনাস্থল ত্যাগ করে লিমন।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর আরও জানান, লিমনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।