র‌্যাবের হাতে আটক রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফে আটকের পর পরদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার সাদেক (৪০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

সাদেককে নিয়ে র‌্যাব সদস্যরা মঙ্গলবার ভোরে মাদক উদ্ধার অভিযানে গেলে ডাকাতদলের সঙ্গে গোলাগুলিতে তার মৃত্যু হয়। উপজেলার মুচনীর ২৬ নং ক্যাম্পের শিয়াইল্যা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার সাদেক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী দক্ষিণ লেদা ক্যাম্প এলাকার সফিউল্লাহর ছেলে। তিনি ডাকাতির সঙ্গে জড়িত বলে র‌্যাব দাবি করছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে ইয়াবা বিক্রির খবর পেয়ে টেকনাফ মুচনী ২৬ নং ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় একদল মাদক কারবারি। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উন্নত চিকিৎসার জন্য প্রথমে রামু সেনানিবাস ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

এ সময় আনোয়ার সাদেক নামের এক রোহিঙ্গাকে আটক করে। এরপর মঙ্গলবার ভোরে সাদেককে নিয়ে পুনরায় ইয়াবা উদ্ধারের জন্য অভিযানে গেলে এতে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এতে উভয় পক্ষের গোলাগুলিতে আনোয়ার সাদেক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।