ভারতে নাগরিকত্ব আইনবিরোধী জোট গড়ল ১০০ সংগঠন

বিতর্কিত নাগরিকত্ব আইন-সিএএ ও নাগরিক শুমারি-এনপিআরের বিরুদ্ধে অন্তত ১০০টি সংগঠন একসঙ্গে ভারতজুড়ে প্রচারণা চালাবে।

দ্য হিন্দু জানায়, উই দ্য পিপল অব ইন্ডিয়া নামে এই প্রচারণায় সাধারণ মানুষকে সংবিধানবিরোধী ও সাম্প্রদায়িক আইনের বিরুদ্ধে সচেতন করা হবে।

এই জোটের সংগঠক স্বরাজ অভিযান পার্টির প্রতিষ্ঠাতা যোগেন্দ্র যাদব বলেন, ‘সাধারণ মানুষের প্রতি আমরা আবেদন জানাব সিএএ, এনপিআর, এনআরসির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। উই দ্য পিপল অব ইন্ডিয়া নামে এক ব্যানারে আমরা এই প্রচারণা চালাব। সবার উপরে সংবিধান, এর চেয়ে বড় কিছু হতে পারে না।’

ভারতের বিখ্যাত মানুষদের জন্ম বা মৃত্যুবার্ষিকী অনুসারে দেশব্যাপী এই প্রচারণা চালাবেন তারা। দেশটির সমাজসংস্কারক ও নারী শিক্ষাবিদ সাবিত্রী বাই ফুলের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ জানুয়ারি এই প্রচারণা শুরু করবেন তারা।