রাজধানীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
ভিক্টোরিয়া পার্কের সামনে বাস চাপায় হেমায়েত হোসেন (৫০) নামে ট্রাফিক পুলিশের কর্তব্যরত কনস্টেবলে নিহত হন। এছাড়া শ্যামপুরে অটোরিকশা চাপায় ফুল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি ও ধোলাইপাড়ে গাড়ি চাপায় শরিফ (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
কনস্টেবল হেমায়েতের বাড়ি নড়াইল কালিয়া উপজেলার বাবরা গ্রামে। রাজারবাগ পুলিশ লাইনের ট্রাফিক ব্যারাকে থাকতেন তিনি। ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনে দায়িত্বরত ছিলেন তিনি।
হাসপাতালে ওয়ারী ট্রাফিক জোনের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. জিন্নাত আলী মোল্লা জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভিক্টোরিয়া পার্কের সামনের রাস্তায় ডিউটিতে ছিলেন তিনি। পার্কের সামনে ভিক্টরি ক্লাসিক পরিবহনের একটি বাস ঘুরাচ্ছিল আর আজমেরি পরিবহনের আরেকটি বাস দাঁড়ানো ছিল।
তখন ভিক্টরি পরিবহনের বাসটির চালক পেছন দিকে চালালে ট্রাফিক সদস্য ওই দুই বাসের মাঝে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, অটোরিকশা চালক জাহিদুল ইসলাম ফুলমিয়াকে হাসপাতালে নিয়ে আসে। অটোরিকশা চালক জানিয়েছে ওই লোকসহ আরও কয়েকজন পোস্তগোলা থেকে তার অটোতে ওঠেন। অটোরিকশাটি শ্যামপুর অটোবি তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে একটি বাস ও একটি ট্রাক ওভারটেক করছিল। তখন অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই লোক অটোরিকশার নিচে চাপা পড়েন। তবে বাকি যাত্রীদের তেমন কিছু হয়নি। তার বাড়ি কুমিল্লার ভাঙ্গুরায়।
অপর ঘটনায় ধোলাইপাড় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় শরিফ (৩৪) নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামে। ধোলাইখালে চেইন রিপেয়ারিংয়ের দোকান আছে তার। থাকতেন ওই এলাকাতেই।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, বেলা ১২টায় ধোলাইপাড় গীতসংগীত সিনেমা হলে সামনে রাস্তায় পায়ে হেঁটে পার হচ্ছিল ওই যুবক। তখন কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।