সংস্কৃতি কর্মী এবং ক্রীড়া সংগঠক ইলারিয়াস রোজারিও আর নেই

রাজধানীর তেজগাঁওয়ের বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং সংস্কৃতি কর্মী ইলারিয়াস রোজারিও আর নেই।

মঙ্গলবার বেলা ১১টায় ৮৮ বৎসর বয়সে তিনি পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী বেলা মেরি স্টেল্লা রোজারিও, ৪ পুত্র, ৩ কন্যা, নাতি নাতনি, প্রপৌত্র ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।

প্রয়াতর পরিবার জানায়, বুধবার তেজগাঁও জপমালা রানি গির্জায় বেলা ১১.৩০টায় অন্ত্যেষ্টি খ্রিষ্টযাগের পর গির্জা সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হবে।

ইলারিয়াস রোজারিও ১৯৩৩ সালের ১৯ মে তেজগাঁওয়ের বেগুনবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কেতু ফ্রান্সিস রোজারিও এবং মায়ের নাম মাগডেলিনা রোজারিও। তিনি কর্মজীবনে আমেরিকান দূতাবাসে দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন শেষে অবসরজীবন যাপন করছিলেন।

বিশিষ্ট নাট্য কর্মী ইলারিয়াস রোজারিও তেজগাঁও অঞ্চলে পরিচিত ছিলেন ‘খান’ নামে। দর্শকনন্দিত ‘ঈশা খান’ নাটকে ঈশা খানের চরিত্রে অভিনয় করার কারণে তিনি এই নামে পরিচিত হয়ে উঠেছিলেন। বিগত শতাব্দীর ষাট, সত্তর ও আশির দশকে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মঞ্চে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ভিত্তিক ৫৪টি নাটকে তিনি অভিনয় করেন।

ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ইলারিয়াস রোজারিও তেজগাঁও স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা । ফুটবল খেলোয়াড় ও রেফারি হিসাবেও তিনি সুনাম কুড়িয়েছিলেন। তিনি তেজগাঁও প্যারিস কাউন্সিল এবং সেবা প্রতিষ্ঠান সেন্ট ভিনসেন্ট ডি পলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।