রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে হাতাহাতির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের একাডেমিক কক্ষে বিভাগের সভাপতি প্রফেসর সাইফুল ইসলাম আয়োজিত সংবাদ সম্মেলনে এই হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে সোমবার আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভাগে শিক্ষক নিয়োগ বিষয়ে প্লানিং কমিটির সভা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন বিভাগের অধ্যাপক মু.আলী আসগর।
লিখিত বক্তব্যে সভাপতি প্রফেসর সাইফুল ইসলাম বলেন, বিভাগের শিক্ষক নিয়োগের বিষয়ে প্লানিং কমিটির সদস্যদের ২২ ডিসেম্বর ৫৭তম সভার ও ২৬ ডিসেম্বর একই বিষয়ে ৫৮তম সভার আহ্বান করি। সভায় প্লানিং কমিটির সদস্যরা অনুপস্থিত থাকায় সভা করা সম্ভব হয় নাই। পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে সভা সম্পন্ন করা করি।
এর আগের দিন সংবাদ সম্মেলনে অধ্যাপক মু. আলী আসগর অভিযোগ করে বলেন, শিক্ষক নিয়োগের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সদস্যদের ছাড়াই প্লানিং কমিটির সভা করেছেন বিভাগের সভাপতি ড. সাইফুল ইসলাম। সদস্যরা উপস্থিত না থাকলেও তাদের উপস্থিতি দেখিয়ে সভা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় সভা অনুষ্ঠিতের তারিখ গোপন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলেছেন প্লানিং কমিটির অন্য সদস্যরা।
মঙ্গলবার বিভাগের সভাপতি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে হঠাৎ করেই বিভাগের শিক্ষক কাওছার আলী, নূরুল আলমসহ কয়েকজন শিক্ষক উপস্থিত হয়ে সাইফুল ইসলামের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। এতে সংবাদ সম্মেলনটি পণ্ড হয়ে যায়। ঘটনাস্থলে অধ্যাপক খাইরুল ইসলাম, অধ্যাপক যুগল কুমার সরকার, সহযোগী অধ্যাপক এ কে এম আবদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।