নববর্ষের আতশবাজির আগুনে পুড়ে চিড়িয়াখানার ৩০ প্রাণীর মৃত্যু

ইংরেজি নববর্ষ উদ্‌যাপনে আতশবাজির আগুনে পুড়ে মারা গিয়েছে অন্তত ৩০টি প্রাণী। জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলের ক্রেফোল্ড শহরে এই ঘটনা ঘটে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, থার্টি ফার্স্ট নাইটের উৎসবে পোড়ানো আতশবাজি থেকে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় আগুন লেগে যায়। এতে মারা যায় বানর প্রজাতির অন্তত ৩০টি প্রাণী।

আতশবাজির আগুন গিয়ে পড়ে ক্রেফোল্ড চিড়িয়াখানায় বানরের অভয়ারণ্যে। এতে পুড়ে মারা যায় ওরাংওটাং, শিম্পাঞ্জি, গরিলাসহ অন্তত ৩০টি প্রাণী।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, আগুনে বানরের অভয়ারণ্যে বসবাসরত সব প্রাণী মারা গেছে।

এদিকে পুলিশের প্রাথমিকভাবে ধারণা, আতশবাজি থেকেই আগুন লাগে চিড়িয়াখানাটিতে। ঘটনার তদন্ত চলছে।