রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

রাজধানীর বাড্ডায় মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে থার্টি ফার্স্ট নাইটে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন নয়ন (২৪) নামে এক যুবক। তার বন্ধু সোহেলও (২৫) আহত হয়েছেন।

বুধবার ভোর ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি ডিশ লাইন সংযোগ প্রতিষ্ঠানে কাজ করতেন।

নিহত নয়নের বোন রাবেয়া আক্তার দেশ রূপান্তরকে জানান, তাদের বাবার নাম মৃত আবদুল খালেক। বাড়ি মুন্সিগঞ্জের  লৌহজং উপজেলায়। রাজধানীর পূর্ব রামপুরা মোল্লা বাড়িতে ভাড়া থাকতেন।

রাবেয়া আক্তার জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে নয়ন ও তার বন্ধু সোহেল মোটরসাইকেলে রাতে ঘুরতে বের হয়েছিলেন। বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনের সড়কে ইউ টার্ন করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে  চালক নয়ন ও তার বন্ধু সোহেল দুজনেই ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন।

বাড্ডা থানার এসআই সাইদুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে নয়নকে  মৃত ঘোষণা করেন। তবে সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি নিয়ে লাশ নিয়ে গেছে।