মানুষ জাপাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়: জিএম কাদের

জাতীয় পার্টিকে (জাপা) দেশের মানুষ রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। এজন্য দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে।’

বুধবার কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে জাপার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘এদেশের রাজনীতিতে জাপা খুবই গুরুত্বপূর্ণ শক্তি। আমরা যেদিকে, দেশের রাজনীতি সেদিকেই যায়। এজন্য নেতাকর্মীদের দেশপরিচালনার উপযুক্ত শক্তি অর্জন করতে হবে। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দর্শন, রাজনৈতিক চিন্তাধারা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। বেশিরভাগ সময় বিরোধী দলে থাকলেও জাপা গণতন্ত্র ও দেশের স্বার্থে কাজ করেছে। আমাদের ভাঙতে বারবার আঘাত এসেছে, ষড়যন্ত্র হয়েছে। সব আঘাত মোকাবিলা করে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আমরা টিকে আছি।’

আলোচনা সভায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। আমরা নতুন করে দেশ ও মানুষের জন্য রাজনীতি করছি। আগামী নির্বাচনে মানুষের আস্থা অর্জন করেই আমরা রাষ্ট্রক্ষমতায় আসব।’