রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন বাইরে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানান, সকাল ১০টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ককটেলের শব্দে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে জানান, ছাত্রদলের কর্মসূচি চলাকালীন দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।