দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এর মধ্যে রয়েছে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল। যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসে ওয়েবসাইটে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাতের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আরও বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া বরাবরের মতোই বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায়, ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
এ দিকে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর আকাশ রৌদ্রোজ্জ্বল। আজ সূর্যাস্ত হবে ৫টা ২৩ মিনিটে। শুক্রবার সূর্যোদয় হবে ৬টা ৪২ মিনিটে।