অর্থমন্ত্রীর বাসা থেকে টাকা চুরি করে পালিয়েছে গৃহকর্মী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসা থেকে এক গৃহকর্মী টাকা চুরি করে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।  
বৃহস্পতিবার গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ওই গৃহকর্মীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

অর্থমন্ত্রীর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান লোটাস কামাল গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন এ ঘটনায় মঙ্গলবার গুলশান থানায় একটি মামলা দায়ের করেন বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, গুলশান ২ নম্বর সেকশনের ১০৩ নম্বর সড়কে মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন বাসার গৃহকর্মী সালমা বেগম। তার বাড়ি দিনাজপুরে। গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে তিনি অর্থমন্ত্রীর বাসায় কাজ শুরু করেন।

চুরির ঘটনা ঘটে ১৩ ডিসেম্বর।