মোহামেডানকে বিদায় করে ফাইনালে রহমতগঞ্জ

ইতিহাস গড়ল পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে মোহামেডানকে হারিয়ে ফাইনালে উঠে গেছে দলটি। ফেডারেশন কাপ তো বটেই, ঘরোয়া ফুটবলের ইতিহাসে ক্লাবটির এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানকে ১-০ গোলে হারায় রহমতগঞ্জ। ২০০৯ সালে সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল মোহামেডান। সাদা-কালোদের সামনে সুযোগ এসেছিল ১০ বছর পর এই আসরের ফাইনাল খেলার। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল দলটির।

এদিন ১৬ মিনিটে লিড নেয় রহমতগঞ্জ। শাহেদুল আলমের ক্রস থেকে উড়ে আসা বলে উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আকোবি হেড করেন। সরাসরি জালে জড়ায় বল।

এরপর মোহামেডান অবশ্য ম্যাচে সমতা আনার মরিয়া চেষ্টা চালিয়েছে। তবে পারেনি শন লেনের দল। ফলে সৈয়দ গোলাম জিলানীর রহমতগঞ্জ মাঠ ছাড়ে ইতিহাস গড়ে।

শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি। ফাইনালে রহমতগঞ্জ খেলবে এই ম্যাচে জয়ীদের বিপক্ষে।

যে তথ্য এখানে না বললেই নয়, সেমিফাইনালে উঠে আসা চার দলের মধ্যে একমাত্র মোহামেডানের ফেড কাপ জয়ের কীর্তি ছিল। তাদের বিদায় হওয়ার অর্থ- এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ফেডারেশন কাপ।