একটি সেতুর ভিত্তি স্থাপন অনুষ্ঠান উপলক্ষে মানুষের ঢল নেমেছিল উপজেলা সদরে। নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু সব বয়সী মানুষ সকল থেকে দলে দলে উপজেলা সদরে সমবেত হতে শুরু করে।
কোন বিশেষ উৎসবেও এমন লোকের ঢল নামে না, কিন্তু একটি সেতুর ভিত্তি স্থাপনে সেই ঢল দেখে খোদ অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নিজেও বিস্মিত। তিনি অনুষ্ঠানে বক্ত„তা করতে উঠে বললেনও সেই কথাটি।
মন্ত্রী বললেন, এত নারী-পুরুষসহ সকল বয়সী মানুষ ছুটে এসেছেন মন্ত্রীকে দেখতে বা তার বক্তৃতা শুনতে নয়, বরং তাদের দীর্ঘদিনের প্রত্যাশা যে পূরণ হতে চলেছে সেই বিষয়টি দেখার জন্যই এত মানুষ এসেছে।
বহুল কাঙ্ক্ষিত সেতুটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুরপুরে করতোয়া নদীর ওপরে নির্মিত হচ্ছে। আশপাশের ২০ গ্রামের লক্ষাধিক মানুষ সেতুটি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।
এবার সেই সেতু নির্মাণ শুরু হচ্ছে জেনেই আনন্দ উৎসবে মেতে ওঠে অর্জুনপুর, ছয়ঘরিয়া পাড়া, গরিবপুর, আকন্দপাড়া, ধোন্দাকোলা, সন্ন্যাসী ধোন্দাকোলা, দেবীপুর, খালিসপুর, অনন্তপুর, উথলী, রথবাড়ি, নারায়ণপুর, ছোট নারায়ণপুর, বাগমারাসহ ২০ গ্রামের বাসিন্দারা।
ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের কোথাও এখন আর বাঁশের সাঁকো থাকবে না, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। এ কারণে দেশের কোথায় কোথায় বাঁশের সাঁকো আছে বা সেতুর অভাবে মানুষকে কষ্ট পেতে হচ্ছে তা খুঁজে বের করে সেতু নির্মাণ করা হবে। যেদেশে পদ্মা নদীর ওপরে একাধিক সেতু নির্মাণ হচ্ছে, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মিত হচ্ছে সেই দেশে বাঁশের সাঁকো বা সেতুর অভাবে মানুষ কষ্ট করতে পারে না।
পৌরসভা ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ৭২টি মিটার দৈর্ঘ্য ও ৪মিটার প্রস্থের আরসিসির গার্ডার এ সেতু নির্মাণের ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক নরাগেবুল আহসান রিপু, বেসরকারি সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা প্রমুখ।