উদ্বোধনী জুটিতে উপুল থারাঙ্গা ও স্টিয়ান ফন জিল দারুণ শুরুর ইঙ্গিত দিলেন। ৪ ওভারে তুলে ফেললেন ৪২ রান। কিন্তু থারাঙ্গা ছাড়া আর কেউ নিজেদের ইনিংস বড় করতে পারলেন না। আর এ কারণেই সিলেট থান্ডারের বিপক্ষে কুমিল্লা ওয়ারিয়র্সের সংগ্রহটা দেড় শও পেরোল না।
বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪০ রানে আটকে গেছে কুমিল্লার ইনিংস।
থারাঙ্গা সর্বোচ্চ ৪৫ রান করেছেন। তার ৩১ বলের ইনিংসে ছিল ৯টি চার। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান অপরাজিত ১৯। যেটি এসেছে মহিদুল ইসলামের অঙ্কনের ব্যাট থেকে। দারুণ বল করেছেন সিলেটের ইবাদত হোসেন ও শেরফান রাদারফোর্ড। দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন সোহাগ গাজী।
সিলেট থান্ডার এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছে। তবে সিলেট পর্বে নিজের শেষ ম্যাচগুলোতে অন্তত জয় পেতে চায় তারা। কুমিল্লার বিপক্ষে লক্ষ্যটা এদিন নিজেদের নালাগেই রাখতে পেয়েছেন বোলাররা। এখন ব্যাটসম্যানরা নিজেদের কাজ করতে পারলেই হলো।
এদিন দুই দলই খেলছে নতুন অধিনায়কের নেতৃত্বে। ব্যক্তিগত কারণে ডেভিড মালান দেশে ফিরে গেছেন। কুমিল্লাকে তাই নেতৃত্ব দিচ্ছেন সৌম্য সরকার। অন্যদিকে চোটের কারণে সিলেটের নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন খেলছেন না। তার পরিবর্তে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন আন্দ্রে ফ্লেচার।