পিরোজপুরে এ বছর পানের ভালো ফলন হলেও শীতের কারণে দুশ্চিন্তায় পানচাষিরা। জেলায় এ বছর ৯৬৮ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। কিন্তু শীত ও কুয়াশার প্রভাবে লতা থেকে ঝরে পড়া ও বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে পান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা।
সারা বছর পানের বরজে কাজ করে এ সময় কিছুটা আর্থিক লাভের মুখ দেখেন পানচাষিরা। এ বছর ফলন ভালো হলেও অব্যাহত শীত ও কুয়াশার কারণে পিরোজপুরের পানচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
পিরোজপুর সদরের কদমতলার পানচাষি সমির ও রানীপুরের উত্তম দাস জানান, শীত ও কুয়াশায় পানের বরজের লতা থেকে পান পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আবার ইদানীং পছলা পোকাসহ বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে পান। এভাবে চলতে থাকলে লাভ তো দূরের কথা আসল টাকাই আসবে না বলে ধারণা তাদের।
বর্তমানে পানের বাজার মূল্য পোন (পানের একক) প্রতি ১৫০-২০০ টাকা থাকলেও এ ঝরা পান বিক্রি হচ্ছে প্রতি পোন ৪৫-৫৫ টাকায়। পানচাষিদের দাবি, প্রতি বছর শীতের সময় তারা পানের বরজে পলিথিনের আচ্ছাদনে শীত ঠেকালেও এ বছর একই ব্যবস্থা করেও কোনো কাজ হচ্ছে না। কয়েক দিন ধরে প্রতিটি লতার পান হলুদ হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। চাষিরা এ সমস্যার কথা কৃষি অফিসে বারবার জানালেও তাদের তেমন কোনো সহযোগিতা করা হচ্ছে না বলে দাবি চাষিদের।
পিরোজপুর খামারবাড়ির উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর জানান, পান নিয়ে চাষিদের প্রশিক্ষণ ও ক্ষতি কমাতে বিভিন্ন পরামর্শ আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু এ বছর শীত কিছুটা বেশি থাকার কারণে পান পাতা ঝরে যাচ্ছে। আমরা চাষিদের পাশে সব সহযোগিতা নিয়ে সব সময় কাজ করি।