অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে মরছে পশু-প্রাণী। ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর মধ্যে এক কৃষকের নিজের খামারের গরুকে গুলি মারার হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে। আগুনে পুড়ে মরার যন্ত্রণা থেকে মুক্তি দিতে গরুগুলোকে গুলি করে মারা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানায়, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের কুলাগোলাইট শহরের বাসিন্দা স্টিভ শিপ্টন তার খামারের ২০টি গরুকে গুলি করে হত্যা করেন।
দাবানলের আগুনে গরুগুলো দগ্ধ হয়েছিল। মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে পশুগুলোকে গুলি করেন তিনি। গরুগুলোকে হত্যা করে স্টিভ শোকাহত হয়ে পড়েন। এ সময় তার প্রতি সমবেদনা জানাতে দেখা যায় অন্যান্য কৃষকদের।
দেশটিতে গত সেপ্টেম্বর শুরু হওয়া দাবানলে স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপ জাতের অন্তত ৪৮ কোটি প্রাণী প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।
সবচেয়ে বেশি দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। রাজ্য দুইটিতে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এক ডজনেরও বেশি দাবানল। এখন পর্যন্ত দাবানলের শিকার হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে।
মানুষের চেয়েও সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে দেশটির জীববৈচিত্র্য। দাবানল আক্রান্ত এলাকা ছেড়ে মানুষ পালালেও পুড়ে মরছে প্রাণীরা।
ধারণকৃত একাধিক চিত্র ও ভিডিওতে দেখা গেছে, নিউ সাউথ ওয়ালসের আগুন থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করছে ক্যাঙ্গারুগুলো।
এ ছাড়া দগ্ধ হয়ে হাজার হাজার কোয়ালার মরদেহ পড়ে থাকতে দেখেন উদ্ধারকর্মীরা। মরে পড়ে থাকতে দেখা গেছে অসংখ্য কাকাতুয়াকেও।
প্রকৃতি সংরক্ষণ কাউন্সিলের বাস্তুবিদ মার্ক গ্রাহাম দেশটির পার্লামেন্টকে জানান, দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে ব্যাপকভাবে মারা গেছে বিভিন্ন পশু-পাখি-প্রাণী।