নওগাঁয় মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর সাপাহারে উপজেলার গোয়ালা ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ইউনিয়নের কামাশপুর এলাকার আম বাগানের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আফজাল হোসেন (৪০)। তিনি ওই গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে।

পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের আম বাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আফজাল হোসেনর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, নিহতের পরিবারের দাবি অফজাল হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।