খালেদার সঙ্গে স্বজনদের সাক্ষাতের অনুমতি না দেয়ার অভিযোগ রিজভীর

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, এর আগে প্রায় ৩১দিন পর (১৬ ডিসেম্বর ২০১৯) খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ১৯ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও খালেদা জিয়ার নিকট আত্মীয়দের সাক্ষাতের সুযোগ দেয়া হয়নি। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেও কোন ফল মেলেনি।

তিনি বলেন, গত ২৭ ডিসেম্বর খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, পুত্রবধূ শর্মিলা রহমান, নাতনি জাগিয়ে রহমান, নাতি শামীন ইসলাম, রাখীন ইসলাম ও নাতনি আরিবা ইসলাম সাক্ষাতের জন্য লিখিত আবেদন করেছিলেন, কিন্তু কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কর্ণপাত করেনি।

খালেদা জিয়ার প্রতি সরকারের এই আচরণ শুধু দেশি নয় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে তিনি বলেন, এমনিতেই খালেদা দিয়া গুরুতর অসুস্থ, এই মুহূর্তে নিকটজনের সঙ্গে দেখা করলে তিনি মানসিক শান্তি পেতেন। অথচ অগণতান্ত্রিক সরকার মানসিক শান্তির সেই সুযোগটুকুও দিতে চায় না। খালেদা জিয়ার মানবাধিকার কেড়ে নিয়েছে সরকার।

'৯০ ভাগ জনগণ বিএনপিকে সমর্থন করে না' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে দেখা গেছে ভোটকেন্দ্রে কত কুকুর দাঁড়িয়ে ছিল। এর থেকে প্রমাণ হয় আওয়ামী লীগকে চতুষ্পদ প্রাণী এবং ভারতের নীতিনির্ধারকরা সমর্থন করে এর বাইরে দেশের সাধারণ জনগণ তাদের সমর্থন করে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শাহিদা রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

পরে সন্ধ্যায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।