ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল কবি নজরুল কলেজ

শনিবার বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ। 

সন্ধ্যার পরই রঙিন আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো কলেজ আঙিনা। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানি মন কাড়ছে সবার। আলোকসজ্জা উপভোগ করতে অনেকে ভিড় জমিয়েছেন কলেজে ক্যাম্পাসে।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে নিজেদের অর্থায়নে ক্যাম্পাসে লাল-সবুজের আলোকসজ্জার ব্যবস্থা করেছি।

বিদায়ী কমিটির সহ-সভাপতি ফারুক হোসেন বলেন, উপমহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের সাধ্যমতো এই আয়োজন করেছি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কর্মসূচির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি।