কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের সার্ভার রুমে চুরি হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে এক ঘণ্টা অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে
শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই চুরি সংগঠিত হয়। সার্ভার রুমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন প্রধানিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. জসিম উদ্দিন প্রধানিয়া জানান, সকালে নাশতা খেতে হোটেলে যাই। এই ফাঁকে চোর রুমে ঢুকে দুটি কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এক ঘণ্টা অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকে। পরে ব্যাকআপ কপির মাধ্যমে অনলাইন টিকেটিং কার্যক্রম চালু করা হয়।
চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে রেলওয়ে পুলিশ হেলু মিয়া (২০) নামে একজনকে আটক করেছে। হেলু মিয়া শহরের চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ে থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক মো. সুরুজ্জামান।