বিয়ের ছবিতে নায়িকার ঘোমটা দেখে হইচই

হিন্দি টিভি সিরিয়াল অভিনেত্রী মোহনা কুমারী বিয়ে করেছেন মাস তিনেক আগে। যথারীতি বিশেষ দিনের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে।

কিন্তু সেই ছবির জন্যই যে সমালোচনার শিকার হতে হবে, তা বোধ হয় তিনি স্বপ্নেও ভাবেননি। বিয়েতে ঘোমটা দেওয়া নিয়ে নেট দুনিয়ায় কটু কথা শুনতে হচ্ছে মোহনাকে।

‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকে কীর্তি গোয়েঙ্কার ভূমিকায় অভিনয় করেন এই অভিনেত্রী। ১৪ অক্টোবর হরিদ্বারে উত্তর প্রদেশের ক্যাবিনেট মন্ত্রী সুরেশ রাওয়াতের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়েতে লাল আর সোনালি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন মোহনা। সঙ্গে ছিল রাজওয়াড়ার গয়না। তিনি যে সত্যিই রাজকুমারী, তা তার রাজবেশেই স্পষ্ট ফুটে উঠেছিল। মোহনার বাবা পুষ্পরাজ সিং ছিলেন মধ্যপ্রদেশের রেওয়ার রাজা। সেই নিয়ম মেনেই বিয়ে সম্পন্ন হয়। রীতি মেনেই লম্বা ঘোমটা টেনে বিয়ে করেন মোহনা। আর এই ঘোমটা নিয়েই যত গন্ডগোল।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অনেকে প্রশ্ন তুলেছেন, “মুখ ঘোমটায় ঢেকে রেখেছ কেন?” অবশ্য এর উত্তরও তারাই দিয়েছেন। লেখেন, “এরা সেই সব মানুষ যারা পুরুষশাসিত সমাজের সো-কলড নিয়ম মেনে চলেন। শিক্ষাও তাদের বুদ্ধি জোগাতে পারে না।”

এমন সমালোচনার জবাবও দেন মোহনা। তিনি লেখেন, “খ্রিষ্টানরাও বিয়ের সময় ঘোমটা দেয়। মুসলিমরাও দেয়। আমার মনে হয়, তাহলে তারাও অশিক্ষিত। এটি রাজপুতদের পুরোনো রীতি। বিয়েতে রাজপুত রমণীরা এই রীতি মেনে চলেন।”

তিনি এটাও লেখেন যে, তাকে ঘোমটা দেওয়ার জন্য কেউ জোর করেনি। তিনি স্বেচ্ছায় ঘোমটা দিয়েছেন।