সম্প্রতি মন্ত্রিসভায় ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং দোয়ারাবাজার উপজেলার আমবাড়িবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থান নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় শহরের আলফাত স্কয়ারে দোয়ারাবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম, দোয়াবাজার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, দোয়ারাবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আশিষ রহমান, সংগঠনের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম মাহবুব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাওরের অবহেলিত শিক্ষাকে এগিয়ে নিতে এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখবে। তাই সব ক্ষেত্রে পিছিয়ে পড়া দোয়ারাবাজার উপজেলায় এবং সুনামগঞ্জ শহরের নিকটবর্তী জায়গা আমবাড়ী বাজারে বিশ্ববিদ্যালয়টি স্থাপন হলে অবহেলিত এ জনপদের ব্যাপক উন্নয়ন হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের বিষয়টি বিবেচনার দাবি জানান বক্তারা।