ফরিদপুরে সদরপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশসহ আহত হয়েছে ১০ জন।
শনিবার বেলা ১১টার সময় উপজেলা সদরের আওয়ামী লীগের অফিসে সামনে ছাত্রলীগের মিছিলের উপর এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন এসআই ফরাদ, এসআই কামরুজ্জামান, এএসআই রবিউল ইসলাম, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার ফকির, যুবলীগ নেতা ফরাদ হোসেন, বাপ্পি, জুয়েল হাওলাদার, শাওন আহমেদ।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মীম অভিযোগ করে বলেন, ফরিদপুর-৪ আসনের (স্বতন্ত্র) এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থিত বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের নেতৃত্বে ২৫/৩০ জন অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ৬/৭ জন আহত হয়।
হামলার বিষয়ে এমপি নিক্সন চৌধুরীর সমর্থক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, দীর্ঘদিন এ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কীভাবে আমি ছাত্রলীগের মিছিলে হামলা করতে পারি।
তিনি বলেন, ‘হামলার খবর পেয়ে আমি সেখানে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেছি মাত্র। গত তিন দিন আগে কাজী জাফরউল্লাহ সাহেব সদরপুরে জনসভা করে উসকানিমূলক বক্তব্য রেখেছিলেন। এ কারণে সংঘর্ষ হতে পারে।’
উল্লেখ্য, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ফরিদপুর-৪ আসনের বর্তমান এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থিত। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার ফকির আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ সমর্থিত।