বিমানের পরিচ্ছন্নতা কর্মীর জুতার তলা থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৩২০ গ্রাম স্বর্ণের বারসহ বিমানের তিন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে পুলিশ। এপিবিএনের দাবি আটক সোনার বাজার মূল্য এক কোটি ১৬ লাখ টাকা।

আটককৃতরা হলেন- মো. সুমন শিকদার (৩৪), মো. শাহিন হোসেন (২৭) ও মো. বেলাল আকন (২৮)।

শনিবার সকাল সোয়া ১১ টায় বিমানের পরিচ্ছন্নতাকর্মী সুমনকে জুতার তলায় লুকানো ২০ টি স্বর্ণের বারসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী বিমানের অপর দুই পরিচ্ছন্নতাকর্মী শাহিন ও বেলালকেও আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০২৮। এই  বিমানে পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহিন ও বেলাল। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে তারা নেমে আসে।

এ সময় বিমানের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে সে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। সুমনসহ তিনজনকে এপিবিএনের অফিসে এনে তল্লাশি করলে সুমনের দুই জুতার তলায় ২০টি সোনার বার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সুমন জানায় কালাম নামের বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যেই তারে কাছে স্বর্ণের রবারগুলো হস্তান্তর করে। এই কাজে সে ২০ হাজার টাকা পেয়েছে বলে জানায়।

আলমগীর হোসেন আরও জানান, আটকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা কাদের হয়ে কাজ করে সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে।