দাবানলঝুঁকিতে অস্ট্রেলিয়ার বিদ্যুৎকেন্দ্রগুলো

অনেক চেষ্টা করেও নেভানো যাচ্ছে না অস্ট্রেলিয়ার দাবানল। প্রতিদিনই নতুন নতুন এলাকায় এ আগুন ছড়াতে থাকায় ঝুঁকিতে রয়েছে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো। গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনি শহরে দুটি সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয় আগুনে। এতে সিডনির কিছু অংশের বিদ্যুৎ চলে যায় বলে জানিয়েছে এএফপি। ইতিমধ্যেই নিউ সাউথ ওয়েলসের বৈদ্যুতিক লাইন নষ্ট হয়ে গেছে। ফলে পার্শ্ববর্তী ভিক্টোরিয়া শহরেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ম্যাট কিয়েন। জনগণকে বিদ্যুৎ ব্যবহার কমানোর পরামর্শও দিয়েছেন তিনি। সুইমিং পুলের পাম্প, খালি ঘরের বাতি ও ওয়াশিংমেশিনও বন্ধ রাখতে বলেছেন তিনি।