টেকনাফে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ জাহিদ হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালীয়াপাড়া তার বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২০ হাজার ইয়াবা বড়ি ও নগদ ২ লাখ ৪০ হাজার নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাহিদ হোসেন স্বরাস্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার ও হোয়াইক্যং ইউপির প্যানেল চেয়ারম্যান।  সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং মহেশখালীপাড়া বাসিন্দা মৃত আবদুস সাত্তারের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, ‘ গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদ হোসেনের বাড়িতে ইয়াবার একটি চালান মজুদ করা হয়েছে। এ খবরে পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় বসত-বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ও ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ কারণে ওই বাড়ির গৃহকর্তা হিসাবে টেকনাফ বাস স্টেশন এলাকা থেকে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়’।

এদিকে অন্য একটি ঘটনার কথা উল্লেখ করে ওসি প্রদীপ আরও জানান, ‘গত ২৯ ডিসেম্বর টেকনাফে পূর্ব শক্রতার জের ধরে স্থানীয় বাসিন্দা মনছুর আলম (৩২) নামে একটি ব্যক্তি কোপ দিলে সে আহত হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যান। পরে এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। ওই মামলায় আসামি না করার কথা বলে জাহিদ হোসেন প্রতিজন আসামির কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন। অন্যতাই মামলার আসামি করা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় সিরাজুল মোস্তফা বাদী হয়ে টেকনাফ থানায় জাহিদ হোসেনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। এতে পুলিশের নামে টাকা আদায়ের কথাও উল্লেখ করেন’।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা ও পুলিশের নাম ভাঙিয়ে টাকা আদায়ের মামলা রুজু প্রক্রিয়া চলছে। তাকে বরিবার কক্সবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হবে’।