আসন্ন ঢাকা দক্ষিণ ও সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে প্রচার চালাবেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারাসহ দলটির সমর্থক আইনজীবীরা। গতকাল শনিবার বিকেলে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির দুই নম্বর হলে আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির নেতারা। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে দক্ষিণের মেয়র প্রার্থী তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব। আর উত্তরের মেয়র প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট সাহারা খাতুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গাজী শাহ আলম প্রমুখ। ঢাকা দক্ষিণে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে ব্যারিস্টার তাপসের পক্ষে নির্বাচনী প্রচার চালানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।