আমেরিকার সরকারি ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে ইরানি হ্যাকাররা।
ডোনাল্ড ট্রাম্প ইরানের ৫২টি স্থাপনায় হামলার হুঁশিয়ার দেওয়ার কয়েক ঘণ্টা পর এই সাইবার হামলার ঘটনা ঘটল।
আমেরিকার ফেডারেল ডিপজিটরি লাইব্রেরি প্রোগ্রাম (এফডিএলপি) ওয়েবসাইটে ক্লিক করলে ব্যবহারকারীরা ‘দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান’ লেখা কালো ওয়েব পেজ দেখতে পেয়েছেন। রক্তাক্ত ট্রাম্পের মুখে ঘুষি মারা হচ্ছে এমন ছবি জুড়ে দেওয়া হয়েছে।
রবিবার সাড়ে দশটার দিকে বাংলাদেশ থেকে ওই ওয়েবসাইটে ঢোকা সম্ভব হয়নি। ‘Error 520’ দেখা গেছে।
মিরর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে ইরান সাইবার সিকিউরিটি গ্রুপ হ্যাকারদের নাম লেখা থাকলেও তাদের হ্যাকিংয়ের শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমেরিকাও নিশ্চিত করেনি কারা হ্যাক করেছে।
ইরান-আমেরিকা রীতিমতো মারমুখী অবস্থানে গেছে শুক্রবার থেকে। এদিন ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর অঞ্চলটিতে বেজেছে যুদ্ধের দামামা।
সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।