নাগরিকত্ব আইন নিয়ে যা বললেন কোহলি

নাগরিকত্ব আইন সংশোধনের জেরে বিক্ষোভের আঁচ লেগেছে গোটা ভারতে। এর মধ্যে আসামের পরিস্থিতি একটু বেশিই গরম। সেই আসামের গুহাটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে ভারত। ম্যাচের আগের আগের দিন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই আসল নাগরিকত্ব সংশোধন আইন সিএএ প্রসঙ্গ।

গুহাটির বারসাপাড়া স্টেডিয়ামে কোনোরকম প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ঢুকতে পারবেন না দর্শকেরা। এমনই নির্দেশনা জারি করেছে আসাম ক্রিকেট সংস্থা। তবে ম্যাচের আবহে সিএএ প্রসঙ্গ যে উঁকিঝুঁকি দেবে তা আগের দিনই স্পষ্ট হয়ে গেল।

সংবাদ সম্মেলনে হঠাৎই কোহলিকে সরকারের বিতর্কিত সিএএ নিয়ে প্রশ্ন করা হয়। এমন প্রশ্নের মুখে পড়ে শুরুতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ককে। পরে নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, “সিএএ নিয়ে মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হবে। কারণ এই বিষয়ে আমি কিছুই জানি না। তবে এই শহরটা আমাদের কাছে নিরাপদ বলেই মনে হয়েছে।”

ম্যাচের আগের দিন বারসাপাড়া স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অনুশীলন সেশন সেরেছেন কোহলিরা। গোটা স্টেডিয়াম মুড়ে ফেলা হয়েছ কড়া নিরাপত্তায়। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বিক্ষোভের কোনো আঁচ ম্যাচে পড়বে না।

সিএএ ও এনআরসির প্রতিবাদে ধিকিধিকি আগুন যেন জ্বলছেই। তার উত্তাপ ম্যাচে পড়বে কি-না তা এখনই বলা মুশকিল। তবে থমথমে পরিবেশ যে রয়েছে তা অনেকেই আন্দাজ করতে পারছেন।