ফরিদপুরে পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ১১০-১২০ টাকা

ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের দাম গত এক সপ্তাহে উঠানামা করছে। রবিবার সকালে জেলার কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, পাইকারি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকায়। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি।

শহরের হাজী শরীয়াতুল্লাহ বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মা লক্ষ্মী ভান্ডারের স্বত্বাধিকারী অদ্বৈত সাহা জানালেন, হঠাৎ করেই আবহাওয়া খারাপের কারণে বৃষ্টি হয়, এতে পেঁয়াজের ক্ষেত ক্ষতির মুখে পড়েছে। যে কারণে আবারও দাম বেড়েছে। তবে আবহাওয়া ভালো হলে দাম কমবে।

বাজারের সততা বাণিজ্য ভান্ডারের মালিক সনজয় সাহা জানান, রবিবার বাজারের পেঁয়াজের দর কিছুটা কম। তিনি জানালেন, মণ প্রতি বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৩৬শ' থেকে ৪ হাজার টাকায়। গত কয়েক দিন বাজারে পেঁয়াজের আমদানি কম ছিল। রবিবার কিছুটা আমদানি বেড়েছে।

একই বাজারের কাঁচামাল ব্যবসায়ী ফরিদপুর বাণিজ্য ভান্ডারের মালিক আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজের আবাদ তুলনামূলকভাবে কম হয়েছে।  

শহরের তিতুমীর বাজারে পেঁয়াজ ক্রেতারা মো. জসিম মোল্লা জানান, দুই কেজি পেঁয়াজ কিনতে এসেছিলাম, কিন্তু দামের কারণে আধা কেজি কিনতে হলো।

তিনি বলেন, সঠিক মনিটরিং আর বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে পারলেই ভোগ্যপণ্যের দাম ঠিক থাকবে। তবে এভাবে দাম ঊর্ধ্বমুখী হলে আমাদের মতো ক্রেতাদের সমস্যায় পড়তে হয়।