স্বাধীনতাবিরোধী ছাড়া বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ পরিবার: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের ধারাবাহিকতায়, আমরা মাথার ওপর উপগ্রহ পাঠিয়েছি, ভারত আমেরিকার মতো মহাশূন্যে যাব। আর এসব দেখে যারা বাঁধা দেয় তারা বাঙালি না, বাংলাদেশকে বিশ্বাস করে না। এ দেশে স্বাধীনতাবিরোধী রাজাকার ছাড়া পুরো বাংলাদেশের ১৬ কোটি মানুষ এখন ঐক্যবদ্ধ এক পরিবার’।

রবিবার বিকেলে জেলা স্টেডিয়ামে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জবাসীর আনন্দ শোভাযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া আইন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হওয়ায় জেলাবাসীর পক্ষ থেকে রবিবার সুনামগঞ্জে এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হয়। গত ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন হয়।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সুনামগঞ্জবাসীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে সমাবেশ হয় জেলা স্টেডিয়ামে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়াও বক্তব্য দেন সাংসদ মহিবুর রহমান মানিক, জয়াসেন গুপ্তা, মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ ও শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়ুল হুদা, পৌরসভার মেয়র নাদের বখত, সাবেক সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরীজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

সমাবেশে এম এ মান্নান বলেন, শেখ হাসিনার সাহস ও ইমান আছে। তিনি বাংলাদেশের পরিবর্তনের নায়ক। তিনি বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু। শেখ হাসিনা হৃদয় দিয়ে, মমতা দিয়ে দেশের মানুষের জন্য দিনরাত কাজ করছেন। তিনি আরও বলেন পদ্মা সেতু  একটি দুটি নয় বরং চার, পাঁচ, ছয়, সাত, আটটি করা হবে। প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী, ৫০ বছর একশ বছর পরের কথা চিন্তা করে কাজ করেন। আমাদের সবার উচিত তাকে সাহস ও শক্তি জোগানো।