রাজধানীর জুরাইনে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
রবিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরনে ফুল হাতা গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তিকে দুই লোক হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক তাকে দেখে ইসিজি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় জানাতে পারেনি ওই দুই লোক। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি জানান, তারা জুরাইন বউ বাজার রেললাইনের পাশে নির্মাণকাজ করছিলেন। দূর থেকে দেখতে পাই রেললাইন দিয়ে ওই লোক হেঁটে যাচ্ছে। তখন নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কা লেগে ওই লোক ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়। এরপর তাকে প্রথমে উদ্ধার করে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।