তথ্য গোপন করলে গুজবে পরিণত হয়: প্রধান তথ্য কমিশনার

তথ্য গোপন করলে তা গুজবে পরিণত হয়। তাই তথ্য অধিকার আইনের মাধ্যমে সরকার সাধারণ জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে। নাগরিকদের মৌলিক অধিকার তথ্য পাওয়া। ‘পিপলস এক্সেস টু ইনফরমেশন’-এর মাধ্যমে জনগণের ক্ষমতায়নের ব্যবস্থা করা হয়েছে। ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী তথ্য না দেওয়ার সুযোগ ছিল। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে  গত ১০ বছরে  কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য অনেক কাজ হয়েছে।

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ রবিবার হবিগঞ্জ টাউন হলে তথ্য অধিকার আইন ২০০৯ ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হবিগঞ্জ জেলা প্রশাসন, সিলেট বিভাগীয় প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, উপপরিচালক এ কে এম তারিকুল আলম।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান তথ্য কমিশনার। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকসহ ১৫০ জন অংশ নেন।