প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি নিয়ে ঢাবির ছাত্রী হলে ছাত্রলীগের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। রবিবার রাত ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। 

জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কর্মীদের শাড়ি বিতরণ করছিলেন হলের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ানসহ হল ছাত্রলীগের অন্য নেত্রীরা। তবে ছয় কর্মী শাড়ি না পাওয়ার অভিযোগ ওঠে।  সালসাবিল নামে নেত্রী তাদের শাড়ি দিতে গেলে ক্ষোভ জানান রওনক জাহান রাইয়ান। এ সময় দুই পক্ষে মধ্যে তর্কাতর্কি হয়।

সালসাবিল অভিযোগ করেন, তার রুমের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছেন রাইয়ানের কর্মীরা। তিনি তার প্রতিবাদ করতে গেলে রওনক জাহান রাইয়ানসহ সমর্থকরা তার ওপর চালায়। 

তবে হলের আরেক পক্ষের দাবি, সালসাবিলের হামলায় হলের পাপিয়া নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এরপর হলের আবাসিক শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সালসাবিলকে মারতে মারতে হল থেকে বের করে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রওনক জাহান রাইয়ান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের অনুসারী ছিলেন। অন্যদিকে সালসাবিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা গেছে।

এ বিষয়ে ফজিলাতুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি বেনজির হোসেন জানান, রিয়া আকতার শান্তা এবং সালসাবিল প্রথমে পাপিয়ার ওপর হামলা চালায়। এতে হলের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সালসাবিলকে মারধর করে। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। প্রক্টর স্যার বলেছেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।