বৃষ্টিতে ভেসে গেল ভারতের বছরের প্রথম ম্যাচ

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। দুই দলেরই বছরের প্রথম ম্যাচ ছিল এটি। তবে স্বাগতিক ভারতের দর্শকদের জন্য দিনটি বেশিই হতাশার বলতে হবে।

গৌহাটিতে বিরাট কোহলিদের ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকদের ঢল নামলেও ফিরতে হয়েছে তাদের হতাশা নিয়ে। ম্যাচের টস হলেও একটি বলও মাঠে গড়াতে পারেনি।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুপুরেও বৃষ্টি হয়েছিল গুয়াহাটিতে। কিন্তু টস হওয়ার পর আবার শুরু হয় বৃষ্টি। কভারের ফাঁক দিয়ে পিচে পানি ঢুকে পড়ায় পরিস্থিতি গুরুতর হয়। দশটার খানিক পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ইন্দোরে। শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।