কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট ধরে রেখেছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ সফরকারীদের হাতে। ৬ উইকেটে হাতে রেখে তারা ২৬৪ রানের লিড জমা করেছে স্কোর বোর্ডে।
ডম সিবলি ও জো রুটের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে এগিয়ে চলেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১৮ রান তুলেছে দলটি। সিবলি অপরাজিত আছেন ৮৫ রানে। জো রুট অবশ্য ৬১ রানে ফিরেছেন।
এর আগে ৮ উইকেটে ২১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আর মাত্র ৮ রান যোগ করতেই গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস (২২৩)। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৬৯ রান। তাতে ৪৬ রানের লিড পায় ইংল্যান্ড।
এদিন প্রোটিয়া ইনিংসের ২টি উইকেটই তুলে নেন অ্যান্ডারসন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাতে হয়েছে রেকর্ড। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বাধিক ২৮ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি এখন তার। এত দিন ইয়ান বোথামের (২৭বার) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন অ্যান্ডারসন।
২৯বার পাঁচ উইকেট নিয়ে অ্যান্ডারসনের ঠিক ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। আর ৩৬ বার ৫ উইকেট নিয়ে তালিকায় সবার উপরে স্যার রিচার্ড হ্যাডলি।