রাজধানীর পিলখানায় গতকাল রবিবার থেকে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) শীর্ষ পর্যায়ে পাঁচ দিনব্যাপী সপ্তম সীমান্ত সম্মেলন। সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে মাদক চোরাচালান প্রতিরোধ ও মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ রোধ। গতকাল বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ও পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে। বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সম্মেলন শেষে আগামী ৮ জানুয়ারি যৌথ আলোচনার দলিল স্বাক্ষরিত হবে এবং ৯ জানুয়ারি মিয়ানমার প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবে।